হাজার হাজার পৃষ্ঠার নথি বিশ্লেষণ, দ্রুত তথ্য যাচাই, ফ্যাক্টচেকিং এবং ভুয়া ছবি ও ডিপফেক ভিডিও শনাক্তকরণসহ সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে। আধুনিক গণমাধ্যমের এই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর লক্ষ্যে তিন দিনব্যাপী ‘এআই টুলস’ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)।
চট্টগ্রামের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ‘আইটি ক্যারিয়ার সল্যুশন’-এর সহযোগিতায় আয়োজিত এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সিআরএফ সভাপতি কাজী আবুল মনসুর বলেন, সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার এখন আর ভবিষ্যতের বিষয় নয়, বরং সময়ের দাবি। বিশ্ব গণমাধ্যমের সঙ্গে তাল মেলাতে সাংবাদিকদের আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে হবে।
তিনি বলেন, বিশ্বজুড়ে সংবাদমাধ্যমগুলো সংবাদ সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, তথ্য যাচাই এবং পাঠক-দর্শকের কাছে সংবাদ পৌঁছে দেওয়ার কার্যক্রম আরও বিস্তৃত করতে এআই প্রযুক্তি ব্যবহার করছে। এর ফলে সাংবাদিকতার কাজ দ্রুততর, গতিশীল ও কার্যকর হচ্ছে।
কাজী আবুল মনসুর আরও বলেন, বিপুল পরিমাণ নথিপত্র ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অল্প সময়ে গুরুত্বপূর্ণ তথ্য এবং অজানা যোগসূত্র খুঁজে বের করতে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দ্য ওয়াশিংটন পোস্ট ও দ্য নিউইয়র্ক টাইমসের মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও তথ্য বিশ্লেষণসহ বিভিন্ন কাজে এ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া খেলাধুলার স্কোর, শেয়ারবাজারের হালনাগাদ তথ্য এবং আবহাওয়ার নিয়মিত প্রতিবেদন তৈরিতেও স্বয়ংক্রিয় প্রযুক্তি সহায়তা দিচ্ছে।
সিআরএফ সভাপতি বলেন, ইন্টারনেটে ছড়িয়ে পড়া গুজব, ডিপফেক ভিডিও ও ভুয়া ছবি শনাক্ত করার ক্ষেত্রেও এআই টুল সহায়ক হতে পারে। তবে প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা ও নির্ভুলতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সাংবাদিকতার নৈতিকতা ও পেশাগত দায়িত্বশীলতা বজায় রাখাও জরুরি।
তিনি ফোরামের সদস্যদের এআই প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে সাংবাদিকতার মানোন্নয়ন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, আইটি ক্যারিয়ার সল্যুশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নজরুল ইসলাম, সিআরএফের নির্বাহী কমিটির সদস্য কামরুল হুদা, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ, প্রচার সম্পাদক আবুল কাশেম সরোজ এবং দপ্তর সম্পাদক হাসান মুরাদ।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় সিআরএফের ২৫ জন সদস্য অংশ নিচ্ছেন। কর্মশালাটি বাস্তবায়নে আইটি ক্যারিয়ার সল্যুশনের পক্ষে সার্বিক সহযোগিতা করছেন হেফাজুল ইসলাম, শাখাওয়াত হোসেন, মোহাম্মদ শাহরিয়ার, রাফায়েত ইসলাম রাফি ও তারেফুল ইসলাম রাফি।
এই বাংলা/এমএস