ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে ইলিশ রক্ষায় অভিযান শেষে ফেরার পথে মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে জেলা মৎস্য কর্মকর্তাসহ সাতজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোররাতে উপজেলার কুমারখালী-জাঙ্গালিয়া-সংলগ্ন নদী এলাকায় ১২টি ইঞ্জিনচালিত নৌকায় করে এসে একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা ও রামদা নিয়ে তাঁদের ওপর হামলা চালায় বলে জানা গেছে।
জানা যায়, জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকের নেতৃত্বে মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে একটি স্পিডবোট ও একটি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে সুগন্ধা নদীতে অভিযান শুরু হয়। নলছিটি অংশে অভিযান শেষে ফেরার পথে কুমারখালীর জাঙ্গালিয়া-সংলগ্ন এলাকায় ১২টি ইঞ্জিনচালিত নৌকায় আসা দুর্বৃত্তরা তাঁদের গতিরোধ করে। পরে লাঠিসোঁটা ও রামদা নিয়ে হামলা চালায় তারা। এ সময় জ্যেষ্ঠ সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস স্পিডবোট থেকে পড়ে আহত হন।
হামলায় আহত অন্যরা হলেন আনসার ও ভিডিপির তিন সদস্য—হাবিলদার আবদুর রহিম, সিপাহি সাকিব হাসান ও সিপাহি সেলিম মিয়া; মাঝি মো. রেজাউল করিম; চালক মো. মোস্তফা সিকদার এবং অফিস সহায়ক মো. রমজান আলী খলিফা।
জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক বলেন, “ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমাদের একটি দল সুগন্ধা নদীতে অভিযান পরিচালনা করে ফিরছিল। এ সময় আমাদের দলের ওপর হামলা চালানো হয়। এতে মৎস্য বিভাগের সাতজন আহত হয়েছেন।”
তিনি আরও বলেন, হামলাকারীরা চালক ও মাঝিকে লক্ষ্য করে মারধর করেন এবং রামদা দেখিয়ে ভবিষ্যতে অভিযানে অংশ না নেওয়ার হুমকি দেন। এ সময় মাঝিদের কান ধরে ওঠবসও করানো হয়, যাতে তাঁরা ভবিষ্যতে অভিযানে সহযোগিতা না করেন বলে অভিযোগ করেন তিনি।
এই বাংলা/এমএস