মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

নগরকান্দায় লটারির মাধ্যমে নারী কর্মী নিয়োগ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের (আরআরএমইপি) আওতায় বিধবা, স্বামী পরিত্যক্তা এবং অসহায়-দুঃস্থ নারীদের কর্মী নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। লটারির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় এসব নারী কর্মী নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার ৬ নম্বর তালমা ইউনিয়ন পরিষদে এ নিয়োগ কার্যক্রম চলে। প্রকল্পের আওতায় ইউনিয়নভিত্তিক ১০ জন করে নারী কর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নগরকান্দা উপজেলা কার্যালয়ের বাস্তবায়নে আয়োজিত এ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আমিনুর রহমান, তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল কুদ্দুসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নিয়োগ কার্যক্রমে লটারি পদ্ধতি অনুসরণ করে প্রার্থী নির্বাচন করা হয়। এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের মধ্য থেকে নারী কর্মী বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

সংশ্লিষ্টরা জানান, পল্লী সড়ক রক্ষণাবেক্ষণের পাশাপাশি বিধবা, স্বামী পরিত্যক্তা ও অসহায়-দুঃস্থ নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এ প্রকল্পের অন্যতম লক্ষ্য। এর ফলে গ্রামীণ সড়কের রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার হওয়ার পাশাপাশি সুবিধাবঞ্চিত নারীদের আর্থিক স্বাবলম্বিতা অর্জনে সহায়তা মিলবে বলে আশা করা হচ্ছে।

এই বাংলা/্এমএস

এই সম্পর্কিত আরো খবর