বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি ও পেশাগত সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলা অডিটোরিয়ামে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য দেন শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুল ইসলাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহীন, উপজেলা বিএনপির সভাপতি এস.এম. তাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম এবং উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা যুবদলের সভাপতি ও পৌর মেয়র পদপ্রার্থী খালিদ হাসান আরমান, বিএনপি নেতা আব্দুল করিম ও এম আবু তাহের, ইউপি চেয়ারম্যান এসকেন্দার আলী সাহানা, জাহাঙ্গীর হোসেন, আব্দুল হাকিম ও রোস্তম আলী। অনুষ্ঠানে গ্রাম পুলিশ সদস্য বাবলী আক্তার ও মাসুদ রানাও উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালন, জনসেবা এবং স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে। এর ফলে তাঁরা নিজ নিজ এলাকায় দায়িত্ব পালনে আরও দক্ষ ও সক্ষম হয়ে উঠবেন।
অনুষ্ঠান শেষে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
এই বাংলা/এমএস