বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

২০০৬ সালের ২৮ অক্টোবরের হামলার বিচার দাবিতে ডিমলায় জামায়াতের বিক্ষোভ

ডিমলা (নীলফামারি) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সমাবেশে হামলার প্রতিবাদ এবং নিহতদের স্মরণে নীলফামারীর ডিমলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াত।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি বিজয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার। এতে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মজিবুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক কাজী হাবিবুর রহমান, সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল, সহকারী সেক্রেটারি আনোয়ার হোসেন লেবু, বায়তুলমাল সেক্রেটারি ওহেদুজ্জামান বাবুল, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং উপজেলা জামায়াতের সাবেক আমির মহিউর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। তাঁদের অভিযোগ, সরকার সাবেক আওয়ামী লীগ সরকারের মতো একই ধারায় এগিয়ে যাচ্ছে, যা নিয়ে নানা প্রশ্ন তৈরি হচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে সরকারের পরিণতি ভালো হবে না বলেও তাঁরা মন্তব্য করেন।

বক্তারা আরও অভিযোগ করেন, বর্তমান সরকার পরিবারতন্ত্রের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে, যা সরকারের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক মাওলানা মজিবুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকার যে পথে চলেছে, বিএনপি সরকারও একই পথে হাঁটছে। তিনি প্রশাসনে দলীয়করণ ও পরিবারতন্ত্রের চর্চার অভিযোগ তোলেন। এ ছাড়া সরকারের বিভিন্ন সিদ্ধান্ত এবং সাম্প্রতিক গণভোটের রায় নিয়েও সমালোচনা করেন তিনি।

সমাবেশ থেকে ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার পুনর্বিচার এবং ওই ঘটনায় নিহতদের মৃত্যুর বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়।

কর্মসূচিতে ডিমলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশ নেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর