নাটোর প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে নাটোর জেলা কারাগারে অবস্থানরত ৪১ জন কারাবন্দী ভোট প্রদানের আগ্রহ প্রকাশ করেছেন। তাদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় নিবন্ধন কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন করেছে কারা কর্তৃপক্ষ।
নির্বাচন কমিশনের নির্ধারিত সফটওয়্যারের মাধ্যমে জেলা কারা কর্তৃপক্ষ এসব বন্দীর ভোটার নিবন্ধন সম্পন্ন করে। নিবন্ধন প্রক্রিয়া শেষ হওয়ায় তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
জেলা কারা কর্তৃপক্ষ জানায়, শুধুমাত্র যারা স্বেচ্ছায় ভোট প্রদানে আগ্রহ প্রকাশ করেছেন, তাদেরই নিবন্ধনের আওতায় আনা হয়েছে।
কারাগার সূত্রে জানা গেছে, বর্তমানে নাটোর জেলা কারাগারে মোট ৭৭৭ জন বন্দী রয়েছেন। এর মধ্যে ১৯ নারীসহ ৫৫৫ জন হাজতি এবং চার নারীসহ ২২২ জন কয়েদি রয়েছেন।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো কারাবন্দীদের ভোটাধিকার প্রদানের সুযোগ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই ঘোষণার পর কারা কর্তৃপক্ষ হাজতি ও কয়েদিদের ভোট প্রদানে উৎসাহিত করে। এর আগে আইনগত সুযোগ না থাকায় কারাবন্দীরা ভোটাধিকার প্রয়োগ করতে পারতেন না।
নতুন এই উদ্যোগকে কারাবন্দীদের নাগরিক অধিকার বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এই বাংলা/এমএস
টপিক

