রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে মামুন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার নিলক্কিয়া ইউনিয়নের গোপীনাথপুর দড়িগাঁও এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয়রা জানান, এলাকার আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। সোমবার সকালে উভয় পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে প্রতিপক্ষের ছোড়া গুলিতে মামুন গুরুতর আহত হন।
তাঁকে দ্রুত রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত মামুন স্থানীয়ভাবে পরিচিত হলেও তাঁর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সংঘর্ষে আহত কমপক্ষে ১০ জনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অধিকাংশের অবস্থা মাঝারি থেকে গুরুতর বলে জানা গেছে। তবে তাঁদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সংঘর্ষের সময় স্থানীয় বিএনপির কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। তবে কারা ভাঙচুর করেছে, সে বিষয়ে রাজনৈতিক নেতারা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নতুন করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানায় পুলিশ।
এই বাংলা/এমএস
টপিক