বানারীপাড়ায় বখাটের কাস্তের আঘাতে কলেজ শিক্ষার্থীর মুখমন্ডল ক্ষত বিক্ষত

0
168
ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ—বানারীপাড়ায় মাদকাসক্ত যুবকের হামলায় শিক্ষার্থী আহত / ছবি - এই বাংলা

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি :


বরিশালের বানারীপাড়ায় বখাটের কাস্তের কোপে জিদনী নামে এক কলেজ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার পশ্চিম শিয়ালকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। আহত জিদনী বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের মাদকাসক্ত যুবক সজিব ওইদিন বিকেলে জিদনীদের বাড়িতে প্রবেশ করে তার গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে সজিব সঙ্গে থাকা ধারালো কাস্তে দিয়ে জিদনীর মুখমণ্ডল ও হাতে এলোপাতাড়ি কোপ দেয়। পরে সজিব ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় জিদনীকে স্বজনরা উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরদিন বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে স্থানীয় লোকজন সজিবের দুই ভাইয়ের সহায়তায় তাকে আটক করে রশি দিয়ে বেঁধে আহত জিদনীদের বাড়িতে নিয়ে আসে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সজিবকে আটক করে থানায় নিয়ে যায়।

আহত শিক্ষার্থীর বাবা জাকির হোসেন বৃহস্পতিবার বিকেলে বানারীপাড়া থানায় সজিবের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সজিব পশ্চিম শিয়ালকাঠী গ্রামের মোহাম্মদ আলী বেপারীর ছেলে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে আটক সজিবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ ঘটনায় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা বখাটে সজিবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here