নোয়াখালী প্রতিনিধি :
কনকনে শীত উপেক্ষা করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘রান ফর ইউনিটি’ শীর্ষক ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে দৌড়টি শুরু হয়ে বাংলা বাজার ঘুরে পুনরায় ফটকে এসে শেষ হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নোবিপ্রবি শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত এই ম্যারাথনে অনলাইনে নিবন্ধন করেন প্রায় ৮০০ শিক্ষার্থী। নারী-পুরুষ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে উৎসবের পরিবেশ তৈরি হয়। প্রতিযোগিতা শেষে ২০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং সব অংশগ্রহণকারীকে সম্মাননা প্রদান করা হয়।
দৌড়ে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, “তরুণ সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ। প্রথম হওয়ার লক্ষ্য নিয়েই দৌড়েছি। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে।”
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম বলেন, “সুস্থ ও ইতিবাচক ক্যাম্পাস গড়তেই আমাদের এই উদ্যোগ। সামনে আরও বড় আয়োজন করা হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সৈকত, ছাত্র অধিকার সম্পাদক বনি ইয়ামিন, অর্থ ও প্রচার সম্পাদক আবদুর রহমান, অফিস সম্পাদক মেহেদী হাসান, আইন সম্পাদক মাহবুবুল আলম তারেকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এই বাংলা/এমএস
টপিক

