বগুড়া প্রতিনিধি :
বগুড়ায় একটি ভাড়া বাসা থেকে ফাবিয়া তাসনিম সিধি (২৯) নামের এক প্রভাষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১২টার দিকে শহরের চক ফরিদ এলাকার ওই বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ফাবিয়া সরকারি শাহ সুলতান কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক হিসেবে প্রায় দেড় বছর ধরে কর্মরত ছিলেন। তিনি অবিবাহিত এবং তিনতলার ভাড়া বাসায় মায়ের সঙ্গে থাকতেন। কয়েক দিন আগে তাঁর মা ময়মনসিংহে গ্রামের বাড়িতে যান। বৃহস্পতিবার দুপুরের পর থেকে মেয়ের সঙ্গে যোগাযোগ না পাওয়ায় তিনি রাতে বগুড়ায় ফিরে আসেন।
বাড়িতে এসে বারবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পুলিশে খবর দেন তিনি। পরে পুলিশ স্থানীয়দের উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বাথরুম থেকে ফাবিয়ার মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহের নাক দিয়ে রক্ত ঝরছিল, মাথার পেছনে আঘাতের চিহ্ন ছিল এবং জিভে দাঁতের কামড়ের দাগ দেখা গেছে। প্রাথমিকভাবে মৃত্যুর ধরন অস্পষ্ট হওয়ায় লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজার রহমান বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ পরিষ্কার হবে।
এই বাংলা/এমএস
টপিক

