বেগম খালেদা জিয়ার জন্য মাসুদ সাঈদীর দোয়া

0
143
পিরোজপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল, উপস্থিত জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় নাজিরপুর উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী, যিনি জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মাসুদ সাঈদী বলেন, খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য প্রতীক। তিনি বহু বছর ধরে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় অটল ভূমিকা রেখে এসেছেন। রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার চাপের মধ্যেও তার দৃঢ় মনোবল দেশের গণতান্ত্রিক ইতিহাসে উজ্জ্বল উদাহরণ হিসেবে উল্লেখযোগ্য বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, তার শহীদ পিতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রতি খালেদা জিয়ার গভীর শ্রদ্ধা ছিল, এবং একইভাবে আল্লামা সাঈদীও তার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। রাজনৈতিক মতভেদ থাকলেও খালেদা জিয়ার প্রশ্নে সব মহলে এক ধরনের ঐক্য দেখা যায় বলে উল্লেখ করেন তিনি।

বিএনপি–জামায়াতের অতীতের সহযোগিতার কথা স্মরণ করে মাসুদ সাঈদী বলেন, দেশের স্বার্থে ভবিষ্যতেও দুই দল সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবে। তিনি খালেদা জিয়ার চলমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তার দ্রুত সুস্থতা কামনা করেন।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নাজিরপুর উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইরফান আহমদ। তিনি জানান, মাগরিবের নামাজ শেষে অনুষ্ঠিত এ মাহফিলে নেতারা দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ দোয়া করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের স্থানীয় নেতারা, যার মধ্যে ছিলেন রেজাউল করিম লিটন, জহিরুল ইসলাম বাদল, মো. বেলায়েত মাঝি, এস এম রিয়াজ উদ্দিন ফরাজি, মো. মিল্টন মাঝিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here