
চট্টগ্রাম প্রতিনিধি :
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, “মেরিন ফিশারিজ একাডেমি থেকে প্রশিক্ষিত হয়ে ক্যাডেটরা হতে চলেছে গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারী।” ক্যাডেটদের অর্জিত জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধ দেশের নৌ ও সামুদ্রিক খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলেও তিনি মন্তব্য করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের মেরিন ফিশারিজ একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত ৪৪তম পাসিং আউট প্যারেড–২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের। সভাপতিত্ব করেন একাডেমির অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ হাসান।
উপদেষ্টা বলেন, কঠোর অধ্যবসায় ও প্রগাঢ় প্রশিক্ষণের মাধ্যমে ক্যাডেটরা পেশাগত জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তাঁদের কর্মজীবনে অগ্রগতির জন্য পরিশ্রম, সময়ানুবর্তিতা, সততা, দায়িত্ববোধ, কর্মদক্ষতা এবং দেশপ্রেম সর্বাধিক গুরুত্বপূর্ণ—যা দেশের মর্যাদা বৃদ্ধিতে সহায়তা করবে।
অনুষ্ঠানে উপদেষ্টা শ্রেষ্ঠ ক্যাডেটদের হাতে বিভিন্ন পদক তুলে দেন।
বেস্ট অল রাউন্ডার গোল্ড মেডেল: খন্দকার তানভীর ইসলাম (মেরিন ইঞ্জিনিয়ারিং)
বেস্ট ইন প্রফেশনাল ট্রেনিং সিলভার মেডেল: জাবের শাহরিয়ার (নটিক্যাল সায়েন্স), মাইনুল ইসলাম (মেরিন ইঞ্জিনিয়ারিং), সাকিবুর রহমান (মেরিন ফিশারিজ), শ্রেষ্ঠ নারী ক্যাডেট: নুসরাত হোসাইন আনিকা (মেরিন ফিশারিজ)
পাসিং আউট প্যারেডে মোট ১১০ জন ক্যাডেট সফলভাবে কোর্স সম্পন্ন করেন, যার মধ্যে ১৭ জন নারী ক্যাডেট।
অনুষ্ঠান শেষে উপদেষ্টা সার্টিফিকেট বিতরণ করেন। পাসিং আউট প্যারেডে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌবাহিনী, কোস্ট গার্ড, নৌপরিবহন মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তরসহ বিভিন্ন মেরিটাইম প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক
