নাটোরের নলডাঙ্গায় ভুয়া ঠিকানা ব্যবহার করে অবৈধভাবে ধান ও গমের বীজ প্যাকেটজাত করার অভিযোগে ‘সেলিম বীজ ভান্ডার’কে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ ভুয়া মোড়ক।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বিকেল ৩টার দিকে উপজেলার পশ্চিম সোনাপতিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেলিম বীজ ভান্ডারের স্বত্বাধিকারী সেলিমের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখানে অবৈধভাবে বীজ প্যাকেটজাত করার বিভিন্ন সরঞ্জাম ও মোড়ক পাওয়া যায়। পরিদর্শনে দেখা যায়, প্যাকেটজাত বীজের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) উল্লেখ করা হয়নি।
এ ছাড়া প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই বীজ প্যাকেটজাত ও বিপণনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪৪ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
অভিযান চলাকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার একটি ভুয়া ঠিকানা ব্যবহার করে ছাপানো বিপুল পরিমাণ গমের বীজের মোড়কও জব্দ করা হয়।
অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন ও মোহাম্মদ শরীয়তুল্লাহ। এ সময় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে নলডাঙ্গা থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন জানান, কৃষকের স্বার্থ রক্ষা এবং নিরাপদ ও মানসম্মত বীজের সরবরাহ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ কাজ করছে। বীজ ব্যবসায় প্রতারণা ও অনিয়ম প্রতিরোধে প্রশাসন বদ্ধপরিকর। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে নলডাঙ্গা বাজারের সেলিম বীজ ভান্ডার থেকে বীজ কিনে শতাধিক কৃষক প্রতারিত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এর আগে এ বিষয়ে কৃষি বিভাগ জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ে অভিযোগ জানালে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিয়েছিলেন বীজ ভান্ডারের মালিক আহাদ আলী। স্থানীয় কৃষকদের অভিযোগ, কয়েক বছর ধরেই প্রতিষ্ঠানটি থেকে বীজ কিনে প্রতারিত হচ্ছেন তারা।
এই বাংলা/এমএস