সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

প্রতিকূল আবহাওয়ায় ৬২ দিনে আগাম আলু তুলে কেজি ৬৮ টাকায় বিক্রি

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বৈরী আবহাওয়া, ঘন ঘন বৃষ্টিপাত ও জলাবদ্ধতার আশঙ্কা উপেক্ষা করে মাত্র ৬২ দিনে আগাম আলু উৎপাদন করে চমক সৃষ্টি করেছেন নীলফামারীর এক কৃষক। চলতি মৌসুমে জেলার মধ্যে সবার আগে আলু তুলে আলোচনায় এসেছেন কিশোরগঞ্জ উপজেলার কেশবা গ্রামের ৪২ বছর বয়সী কৃষক মাহবুবুর রহমান তুহিন। কলা ও মিষ্টিকুমড়ার ক্ষেতের ফাঁকা জায়গায় সাথি ফসল হিসেবে আগাম আলু চাষ করে ভালো দামও পেয়েছেন তিনি।

চলতি মৌসুমে আবহাওয়া কৃষকদের অনুকূলে ছিল না। ঘন ঘন বৃষ্টিপাত ও জলাবদ্ধতার আশঙ্কা থাকলেও দমে যাননি তুহিন। প্রায় পাঁচ বছরের আলু চাষের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কলা ও মিষ্টিকুমড়ার ক্ষেতের ফাঁকা জায়গায় আগাম জাতের আলু চাষের পরিকল্পনা করেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যথাযথ পরিচর্যায় মাত্র ৬২ দিনে আলু তোলার উপযোগী করে তোলেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) কেশবা গ্রামের চার বিঘা জমি থেকে ‘উপশি কারেজ’ জাতের প্রায় এক হাজার কেজি বা এক টন আলু তোলেন তুহিন। মৌসুমের শুরুতে বাজারে আগাম আলুর সরবরাহ কম থাকায় চাহিদাও বেশি। এদিন স্থানীয় বাজারে প্রতি কেজি আলু ৬৮ টাকা দরে বিক্রি হয়েছে।

তুহিন জানান, জমির পরিমাণ বিবেচনায় আপাতত আলু থেকে খুব বেশি লাভ না হলেও সাথি ফসল হিসেবে চাষ করা কলা ও মিষ্টিকুমড়া থেকে বাড়তি আয়ের আশা করছেন তিনি। পাশাপাশি অন্য জমিতে রোপণ করা আগাম আলু ভালো দামে বিক্রি করতে পারলে উল্লেখযোগ্য লাভের প্রত্যাশা করছেন।

তাঁর আগাম আলু চাষের খবর ছড়িয়ে পড়ায় স্থানীয় পাইকারদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। টুটুয়ার ডাঙ্গার পাইকাররা সরাসরি তাঁর ক্ষেত থেকে আলু সংগ্রহ করছেন। পরে এসব আলু রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বড় পাইকারি বাজারে সরবরাহ করা হবে বলে জানা গেছে।

আলু চাষের বিষয়ে মাহবুবুর রহমান তুহিন বলেন, “গত পাঁচ বছর ধরে আমি নিয়মিত আলু চাষ করে আসছি। এ বছর আবহাওয়া অনুকূলে না থাকলেও সঠিক সময়ে সুনির্দিষ্ট পরিচর্যা ও পরিকল্পনার কারণে জেলার মধ্যে সবার আগে আলু তুলতে পেরেছি। আজকের বাজারে ৬৮ টাকা কেজি দরে আলু বিক্রি করতে পেরে বেশ ভালো লাগছে।”

কিশোরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম তুহিনের সাফল্যের প্রশংসা করে বলেন, “তুহিন একজন অত্যন্ত অভিজ্ঞ চাষি। তিনি প্রতি বছরই আগাম আলু চাষ করে লাভের মুখ দেখেন এবং নতুন নতুন পদ্ধতি প্রয়োগ করেন।”

কৃষক তুহিনের এই উদ্যোগ স্থানীয় অন্য কৃষকদের মধ্যেও আশার সঞ্চার করেছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পরিকল্পিত চাষাবাদ ও ফসলের বৈচিত্র্য যে আয়ের নতুন সুযোগ তৈরি করতে পারে, তাঁর উদ্যোগে তার দৃষ্টান্ত মিলেছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর

বাগেরহাটের মোরেলগঞ্জে ন্যাশনাল ডেভেলপমেন্ট সোসাইটি (এনডিএস) নামে একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে সাধারণ গ্রাহকদের প্রায় এক কোটি টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। রবিবার দুপুর থেকে প্রতিষ্ঠানটির কার্যালয় বন্ধ রয়েছে। সাইনবোর্ড থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, মোরেলগঞ্জ উপজেলার নব্বইরশি বাসস্ট্যান্ডসংলগ্ন আর এম আধুনিক হাসপাতালের সামনে একটি ভাড়া বাসায় সম্প্রতি এনডিএসের শাখা কার্যালয় চালু করা হয়। ঋণ প্রদান, সঞ্চয় প্রকল্পসহ বিভিন্ন সুযোগ-সুবিধার আশ্বাস দিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। পরে বিভিন্ন সুবিধার কথা বলে সদস্য সংগ্রহ শুরু করেন তাঁরা।

একপর্যায়ে সদস্যদের কাছ থেকে সঞ্চয়, ভর্তি ফি ও অন্যান্য খাতের কথা বলে পর্যায়ক্রমে টাকা জমা নেওয়া হয়। এভাবে এলাকার অসংখ্য সদস্যের কাছ থেকে আনুমানিক এক কোটি টাকা সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

তাঁদের অভিযোগ, রবিবার দুপুর আনুমানিক ১২টার দিকে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা হঠাৎ কার্যালয় বন্ধ করে সংগৃহীত টাকা নিয়ে এলাকা ছেড়ে চলে যান। এরপর থেকে তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্ট ব্যক্তিদের মুঠোফোনও বন্ধ রয়েছে। এ ছাড়া কার্যালয়ে থাকা আসবাবপত্র ও অন্যান্য মালামালও সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি গ্রাহকদের।

সঞ্চয়ের টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগীরা। তাঁদের অনেকেই কষ্টার্জিত অর্থ হারিয়ে আর্থিক সংকটে পড়েছেন। এ ঘটনায় গ্রাহকেরা একত্রিত হয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও টাকা উদ্ধারের দাবিতে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে এনডিএসের মালিক, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পরিচয় শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি গ্রাহকদের জমা দেওয়া অর্থ উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই বাংলা/এমএস

ঋণ ও সঞ্চয়ের প্রলোভনে মোরেলগঞ্জে গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও, থানায় অভিযোগ