আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে লালবাগ থানা বিএনপি।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে লালবাগ থানা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম আমিন ও ১ নম্বর যুগ্ম আহ্বায়ক বদিউল আলম সুইটের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি পুরান ঢাকার ছাপড়া মসজিদ থেকে শুরু হয়ে এতিমখানা, গোরে শহীদ মাজার, লালবাগ কেল্লা, পলাশী, নতুন পল্টন ও আজিমপুর কবরস্থান এলাকা প্রদক্ষিণ করে ছাপড়া মসজিদের ২৭ নম্বর মাঠে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আমিনুল ইসলাম আমিন বলেন, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন অপকর্ম ও লুটপাটে জড়িত ছিলেন। এসব কর্মকাণ্ডের কারণে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে জনগণ তাঁদের প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, বর্তমানে তাঁরা জনগণের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করছেন। বিএনপির নেতাকর্মীরা জনগণকে ঐক্যবদ্ধ করে এসব কর্মকাণ্ড প্রতিহত করবেন বলেও জানান তিনি।
বদিউল আলম সুইট বলেন, ‘আমরা অনেক ধৈর্য ধরেছি, আর নয়। আওয়ামী লীগ প্রতিশোধ নিতে চাইলে আমরা প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত আছি।’
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর বিএনপি ও আওয়ামী লীগবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা নির্যাতন, গুম, খুন, মামলা ও হয়রানির শিকার হয়েছেন এবং অনেকে এলাকাছাড়া ছিলেন।
বদিউল আলম সুইট বলেন, ‘নির্যাতিত জনগণ ঐক্যবদ্ধভাবেই আওয়ামী লীগের সন্ত্রাসীদের প্রতিহত করবে। লালবাগের মাটি বিএনপির ঘাঁটি ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।’
তিনি আরও বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের নেতারা কয়েকটি চোরাগোপ্তা হামলা চালিয়ে যদি মনে করেন, তাঁরা দেশে ফিরে এসেছেন, তাহলে তাঁরা ভুলের স্বর্গে বাস করছেন। আমরা ২৪ ঘণ্টাই মাঠে আছি। যেখানেই তাঁরা চোরাগোপ্তা হামলা চালানোর চেষ্টা করবেন, সেখানেই আমরা তা প্রতিহত করব।’
এই বাংলা/এমএস