সিরাজগঞ্জের তাড়াশ পৌর বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। এতে দোকানগুলোর মালামাল ও আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন দুই ব্যবসায়ী পরিবারের সদস্যরা। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।
রোববার (৮ নভেম্বর ২০২৬) দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তাড়াশ পৌর বাসস্ট্যান্ড এলাকায় মেরাজের দুটি এবং পাশের আলালের একটি দোকানে আগুন লাগে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের তৎপরতায় আশপাশের অন্যান্য দোকান আগুনের কবল থেকে রক্ষা পায়।
তবে আগুনে মেরাজ ও আলালের তিনটি দোকানের আসবাবপত্র, মালামাল ও ব্যবসার পুঁজি পুড়ে যায়। এতে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
দোকানগুলো পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ী পরিবার আর্থিক সংকটে পড়েছে। জীবিকা নির্বাহের অবলম্বন হারিয়ে পরিবার দুটি এখন চরম দুর্ভোগে রয়েছে।
এই বাংলা/এমএস