মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

সরকারি কার্যালয়ে শিক্ষা কর্মকর্তার জন্মদিন উদযাপন, ফেসবুকে ছবি ঘিরে সমালোচনা

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সরকারি কার্যালয়ে জন্মদিন উদযাপনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। কর্মদিবসে দাপ্তরিক কার্যালয়ে অধস্তন কর্মকর্তা ও শিক্ষকদের নিয়ে কেক কাটার ছবি নিজেই ফেসবুকে প্রকাশ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. নার্গিস ফাতেমা তোকারদার।

গত রোববার (১ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে জন্মদিন উদযাপনের কয়েকটি ছবি পোস্ট করেন তিনি।

একটি ছবিতে দেখা যায়, নিজ কার্যালয়ে বসে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রাশেদুল হক মণ্ডলকে কেক খাইয়ে দিচ্ছেন নার্গিস ফাতেমা তোকারদার। অন্য ছবিগুলোতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদেরও দেখা যায়।

ছবির সঙ্গে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘সপ্তাহের প্রথম দিন ভীষণ কাজের চাপ। তার মধ্যে এসেছে পিটিআই ফেরত আমার প্রিয় শিক্ষকগণ আমার জন্মদিন পালন করার জন্য। ওরা মনে করিয়ে দিল আমার আর ৩৬৪ দিন রিজিক আছে কর্মজীবনে যদি বেঁচে থাকি।’

পোস্টের আরেক অংশে তিনি লেখেন, ‘তোমরা তোমাদের যে শ্রদ্ধা ও ভালোবাসায় আমায় সিক্ত করেছ, ঠিক তেমনি শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত করবে তোমাদের উত্তরসূরীরা।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার ছিল নার্গিস ফাতেমা তোকারদারের ৫৮তম জন্মদিন। এ উপলক্ষে তাঁর কার্যালয়ে কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা কেক কেটে উদযাপন করেন।

সংশ্লিষ্ট সূত্রের অভিযোগ, ছবিতে উপস্থিত কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা ওই শিক্ষা কর্মকর্তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। কর্মদিবসে সরকারি কার্যালয়ে ব্যক্তিগত জন্মদিনের আয়োজন এবং দাপ্তরিক সময়ে এমন অনুষ্ঠান করা কতটা সমীচীন, তা নিয়ে স্থানীয়ভাবে আলোচনা চলছে।

গত বছরও নিজের জন্মদিন উদযাপনের একাধিক ছবি ফেসবুকে প্রকাশ করেছিলেন ওই কর্মকর্তা। ফলে সরকারি কার্যালয়ে ব্যক্তিগত আয়োজনের বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. নার্গিস ফাতেমা তোকারদার বলেন, ‘আমার শিক্ষকরা ছোট একটি কেক এনে আমার অফিসে কেটেছেন মাত্র। তারা দুই মিনিটও সেখানে ছিলেন না।’

কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী বলেন, ‘এমন ছবি আমিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। তবে অফিসে কেক কাটা ঠিক হয়নি।’

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর