‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় জাতীয় যুব দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ১৫ জন যুবকের মধ্যে মোট ১৭ লাখ ৫০ হাজার টাকার যুবঋণের চেক বিতরণ করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি যুব র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুল হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিয়াজ মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, শহীদ আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহাবুব আলী মিয়া এবং পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ। এ ছাড়া যুব উন্নয়ন প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরা হয়।
দিবসটি উপলক্ষে ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, প্রশিক্ষণ সনদ বিতরণ, মাদকবিরোধী আলোচনা, সবজির বীজ বিতরণ এবং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন।
অনুষ্ঠানটির আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর।
এই বাংলা/এমএস