পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১৩১তম ব্যাচের গবাদিপশু ও হাঁস-মুরগি লালন-পালন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপ্তি উপলক্ষে শিক্ষাসফর অনুষ্ঠিত হয়েছে।
কোর্সের তিন মাসের প্রশিক্ষণ শেষে ৪০ জন প্রশিক্ষণার্থী পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এ শিক্ষাসফরের আয়োজন করা হয়। সকালে পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয় থেকে নির্ধারিত গাড়িযোগে প্রশিক্ষণার্থীরা বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হন।
শিক্ষাসফরের প্রধান গন্তব্য ছিল বাগেরহাটের মহিষ উন্নয়ন ও প্রজনন খামার এবং আঞ্চলিক হাঁস গবেষণা ও প্রজনন খামার। এসব খামার পরিদর্শনের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণকালীন তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সমন্বয় করার সুযোগ তৈরি হয়। পাশাপাশি গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, প্রজনন ও খামার ব্যবস্থাপনা সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ পান তারা।
শিক্ষাসফরে প্রশিক্ষণার্থীরা সংশ্লিষ্ট খামারের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রশিক্ষণ বিষয়ক নানা বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেন। এ সময় প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণকালীন সময়ে পাওয়া দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য সংশ্লিষ্ট প্রশিক্ষক ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শিক্ষাসফরের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র প্রশিক্ষক সুরাত আলী, এইচ. এম. আহসান আকীব সুজন, প্রদর্শক রুহুল আমিন সেখ এবং প্রদর্শক কাইয়ুম খান।
শিক্ষাসফর শেষে প্রশিক্ষণার্থীরা এ আয়োজনকে তাদের প্রশিক্ষণ কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং আনন্দদায়ক অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন। তাদের মতে, খামার পরিদর্শনের মাধ্যমে অর্জিত ব্যবহারিক জ্ঞান ভবিষ্যতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে কাজে লাগবে।
এই বাংলা/এমএস