ময়মনসিংহের গৌরীপুরে সাংবাদিক এইচ টি তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে দায়ের করা মাদক মামলা প্রত্যাহার, ঘটনার নিরপেক্ষ তদন্ত ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলে তা আইন অনুযায়ী তদন্ত ও বিচার করতে হবে। একই সঙ্গে এইচ টি তোফাজ্জাল হোসেনকে আটকে রেখে মারধর ও রশি দিয়ে বেঁধে রাখার যে অভিযোগ উঠেছে, সেটিও গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন।
জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর রাতে গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় লোকজন তোফাজ্জাল হোসেনকে একটি বাড়িতে আটক করে মারধর করেন এবং রশি দিয়ে বেঁধে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
পুলিশের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, তোফাজ্জাল হোসেনের পরনের আকাশি রঙের শার্টের পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ১৯টি ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে ১৭টি সবুজ ও দুটি গোলাপি রঙের ইয়াবা ছিল। এজাহারে উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় দুই গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৯ হাজার ৫০০ টাকা উল্লেখ করা হয়েছে। একই ঘটনায় রেজিস্ট্রেশনবিহীন একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দের কথাও বলা হয়েছে।
পরদিন ৯ সেপ্টেম্বর গৌরীপুর থানার এক উপপরিদর্শক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। পরে আদালতের মাধ্যমে সাংবাদিক তোফাজ্জাল হোসেনকে কারাগারে পাঠানো হয়।
তবে তোফাজ্জালের সহকর্মী ও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাকে পরিকল্পিতভাবে মামলায় ফাঁসানো হয়েছে। গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মো. শাহজাহান কবির হীরা ঘটনাটিকে ষড়যন্ত্র দাবি করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, কোনো পক্ষের বক্তব্যকে চূড়ান্ত সত্য হিসেবে বিবেচনা না করে ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। এ ক্ষেত্রে ঘটনাস্থলের ভিডিও বা সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, চিকিৎসা-সংক্রান্ত নথি, জব্দতালিকা, উদ্ধার করা মাদকের পরীক্ষার প্রতিবেদন এবং পুলিশের কার্যক্রমসহ সংশ্লিষ্ট তথ্য যাচাইয়ের দাবি জানান তারা।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক বলেন, অভিযোগ যার বিরুদ্ধেই থাকুক, আইন সবার জন্য সমান। সাংবাদিকের বিরুদ্ধে মামলা থাকলে তারও ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। একই সঙ্গে সাংবাদিককে মারধরের অভিযোগ থাকলে সেটিও তদন্ত করে প্রকৃত ঘটনা বের করা প্রয়োজন। আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে মারধর বা আটকে রাখার অভিযোগ থাকলে সেটিও তদন্তের আওতায় আনা উচিত।
মানববন্ধনে গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আল আমিন, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মো. শাহজাহান কবির হীরাসহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা সাংবাদিক এইচ টি তোফাজ্জাল হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত, মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
এই বাংলা/এমএস