শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের পেছনে না ছুটে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে যোগ্য মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন খন্দকিয়া চিকনদণ্ডী শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ব্যারিস্টার সাকিলা ফারজানা।
তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের হাটহাজারীর খন্দকিয়া চিকনদণ্ডী শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাকিলা ফারজানা বলেন, কলেজজীবন শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার গুরুত্বপূর্ণ সময়। এ সময় নিয়মিত পড়াশোনা, সময়ানুবর্তিতা ও শৃঙ্খলার চর্চার পাশাপাশি মেধা ও যোগ্যতা বিকাশে মনোযোগ দিতে হবে। একই সঙ্গে সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সাফল্য শুধু পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়। জ্ঞান অর্জনের পাশাপাশি সততা, মানবিকতা, দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধকে জীবনের অংশ করে নিতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল কুদ্দুস মিয়া। বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ গোলাম কিবরিয়া চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির হিতৈষী সদস্য এম. জি. কিবরিয়া, শিক্ষক প্রতিনিধি নীলাদ্র কুমার দে, দাতা সদস্য ফারুক আহমদ চৌধুরীসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে বক্তারা নবাগত শিক্ষার্থীদের কলেজের নিয়ম-শৃঙ্খলা মেনে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ এবং মনোযোগ দিয়ে পড়াশোনার আহ্বান জানান। পাশাপাশি একাদশ শ্রেণি থেকেই উচ্চশিক্ষা ও কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন।
এই বাংলা/এমএস