বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বাঁশখালীতে মাদক ও জুয়া বিরোধী র‍্যালি ও মানববন্ধন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের বাঁশখালীতে মাদক ও জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় বাঁশখালী প্রধান সড়কের মিয়ার বাজার চৌধুরী মার্কেট এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়। পরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে মাদক ও জুয়া প্রতিরোধে সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের পরিচালক এইচ. এম. আনিসুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরাফাতুল ইসলাম মাসুমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বাঁশখালী প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক শিব্বির আহমদ রানা, ‘প্রিয় বাঁশখালী’র সম্পাদক কাজী শাহরিয়ার, সমাজকর্মী আব্দুর রহমান সোহেল, জাতীয় নাগরিক পার্টির নেতা মোহাম্মদ আব্দুর রহমান, সমাজকর্মী মোহাম্মদ আব্বাস উদ্দিন খান ও মোহাম্মদ মিফতাহুল ইসলামসহ অন্যরা।

বক্তারা বলেন, মাদকাসক্তি ব্যক্তি, পরিবার ও সমাজে নানা ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একইভাবে জুয়ার কারণে অর্থনৈতিক ও পারিবারিক সমস্যা তৈরি হতে পারে। এসব সমস্যা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তারা মাদক ও জুয়ার বিস্তার রোধে স্থানীয় পর্যায়ে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। পাশাপাশি তরুণদের খেলাধুলা, সংস্কৃতি ও বিভিন্ন ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান।

কর্মসূচি থেকে মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আইনগত ব্যবস্থা জোরদারের দাবি জানানো হয়। একই সঙ্গে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়মিত অভিযান পরিচালনার আহ্বান জানান বক্তারা।

র‍্যালি ও মানববন্ধনে সংগঠনের সদস্যসহ স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর