পিরোজপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত তিন মাসব্যাপী ‘গবাদি পশু ও হাঁস-মুরগি পালন’ বিষয়ক প্রশিক্ষণের চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) পিরোজপুর যুব প্রশিক্ষণ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন মাসব্যাপী এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন এলাকা থেকে ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
প্রশিক্ষণার্থীরা গবাদি পশু ও হাঁস-মুরগি পালনের আধুনিক পদ্ধতি, রোগব্যাধি প্রতিরোধ, সুষম খাদ্য প্রস্তুত ও টিকাদানসহ বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করেন। চূড়ান্ত পরীক্ষার মধ্য দিয়ে প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ্তি হয়।
প্রশিক্ষণার্থীরা জানান, প্রশিক্ষণ চলাকালে নিয়মিত ক্লাস ও ব্যবহারিক শিক্ষার মাধ্যমে গবাদি পশু ও হাঁস-মুরগি পালনের বিভিন্ন বিষয়ে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ পেয়েছেন। তারা এ ধরনের প্রশিক্ষণ যুবকদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন।
প্রশিক্ষণার্থীদের সার্বিক তত্ত্বাবধান ও পাঠদানে সিনিয়র প্রশিক্ষক (মৎস্য) সুরাত আলী, প্রশিক্ষক (পশুপালন) এইচ.এম. আহসান আকীব সুজন, সহকারী প্রশিক্ষক (মৎস্য) কাইয়ুম খান, প্রদর্শক (পশুপালন) রুহুল আমীন সেখ এবং প্রদর্শক (কৃষি) পলাশ চন্দ্র বিশ্বাস দায়িত্ব পালন করেন।
প্রশিক্ষণার্থীরা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে তারা ভবিষ্যতে গবাদি পশু ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চান।
যুব উন্নয়ন অধিদপ্তরের এমন প্রশিক্ষণ কর্মসূচি বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
এই বাংলা/এমএস