মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দক্ষিণ চাঁদপুর উচ্চ বিদ্যালয়ে মাদক, ইভটিজিং ও কিশোরগ্যাং প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে হরিরামপুর থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম। সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন মৃধা।
সভায় শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে মাদক, ইভটিজিং ও কিশোরগ্যাংয়ের ক্ষতিকর দিক এবং এসব সামাজিক অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।
তিনি শিক্ষার্থীদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে সন্তানদের চলাফেরা, বন্ধুত্ব ও দৈনন্দিন কর্মকাণ্ডের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দেন।
সভায় উপস্থিত ছিলেন হারুকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন শিকদার, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম শিকদার, হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহিদুল ইসলাম মাহি, হারুকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম মিয়া, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু শহীদ খান, বিদ্যালয়ের সাবেক সদস্য মান্নান খানসহ মানিকগঞ্জ জেলা পুলিশের কর্মকর্তারা।
এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরাও সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক, ইভটিজিং ও কিশোরগ্যাং প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। শিক্ষার্থীদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
এই বাংলা/এমএস