সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

পিরোজপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ পালিত

পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

“ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।

আলোচনা সভায় তথ্য অধিকার আইন, ২০০৯-এর মাধ্যমে জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা, তথ্যের অবাধ প্রবাহ বজায় রাখা এবং ডিজিটাল যুগে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে তথ্য অধিকারের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, প্রশাসন ও সমাজে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠায় জনগণের সঠিক তথ্য জানার অধিকার গুরুত্বপূর্ণ। একই সঙ্গে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীলভাবে তথ্য আদান-প্রদানের ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অংশীজন উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে এ কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসন, পিরোজপুরের সঙ্গে সহযোগী হিসেবে কাজ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), পিরোজপুর।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর