বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

লালপুরে হ্যাকিং ও প্রতারণার অভিযোগে ৬ জন গ্রেপ্তার, সিসি ক্যামেরা বসিয়েও হয়নি রক্ষা 

নাটোর প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরের লালপুরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৬৮টি সিম কার্ড, ৯টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১০৬টি ইয়াবা, দুটি মোটরসাইকেল ও নগদ ৩২ হাজার টাকা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামের রব্বেল মোল্লার ছেলে ওহিদুল মোল্লা ওরফে ওহিদ (৩২), একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২৩), ভাঙাপাড়া গ্রামের বেলাল আলীর ছেলে মোতাকাব্বির আলী (২৩), বিলমাড়িয়া গ্রামের কফের আলীর ছেলে শুকুর আলী (৫০), দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামের আতাহার প্রামাণিকের ছেলে আলামিন (২৩) এবং রাজশিয়ার বাঘা উপজেলার আলাইপুর গ্রামের সামাদ মণ্ডলের ছেলে মুক্তার আলী (৩৪)।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ওহিদুলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন কোম্পানির ৬৮টি সিম কার্ড, ৯টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১০৬টি ইয়াবা, দুটি মোটরসাইকেল ও ৩২ হাজার টাকা জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা প্রবাসীদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে তাঁদের স্বজনদের কাছে টাকা পাঠানোর জন্য ব্যবহৃত বিকাশ ও নগদ নম্বর সংগ্রহ করতেন বলে অভিযোগ রয়েছে। পরে ওই নম্বরগুলোর শেষ চারটি সংখ্যার সঙ্গে মিল রেখে নতুন নম্বর তৈরি করে প্রবাসীদের পরিচিত বিকাশ এজেন্টদের বিভ্রান্ত করার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া হতো বলে জানিয়েছে পুলিশ।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, ওহিদুলের বাড়ি থেকে প্রধান সড়ক পর্যন্ত বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা ছিল। বাড়ির বাইরের চলাচল নজরদারিতে রাখার ব্যবস্থা থাকলেও গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ওসি জানান, হ্যাকিং ও প্রতারণার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। একই অভিযানে ইয়াবা উদ্ধারের ঘটনায় ওহিদুল মোল্লা, মুক্তার আলী ও আলামিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গভীর নিম্নচাপটি বুধবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৮৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার রাতে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে।

এই বাংলা/এমএস

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত