বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

বাগেরহাটে কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়া শুরু

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

কুকুরের কামড়ে জলাতঙ্ক ছড়ানোর ঝুঁকি কমাতে বাগেরহাট পৌর এলাকায় বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়ার কর্মসূচি শুরু হয়েছে।

বুধবার দুপুরে বাগেরহাট পৌরসভা চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মেজবাহ উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম, ভ্যাকসিনেশন বিশেষজ্ঞ ও ডগ এক্সপার্ট টিমের সদস্য সায়মনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

পৌরসভা সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় পৌর এলাকার বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে পর্যায়ক্রমে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হবে। এ কার্যক্রম বাস্তবায়নে ফেনী থেকে আসা অভিজ্ঞ ‘ডগ এক্সপার্ট টিম’-এর সঙ্গে চুক্তি করেছে বাগেরহাট পৌরসভা। টিমের সদস্যরা পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে কুকুর শনাক্ত করে টিকা দেবেন।

সংশ্লিষ্টরা জানান, শহরে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কুকুরের কামড়ে জলাতঙ্কের ঝুঁকিও বাড়ছে। এ অবস্থায় কুকুরকে টিকার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত তিন মাসে প্রায় ৭ হাজার ৫০০ মানুষ কুকুরের কামড়ের শিকার হয়ে ওই হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকা নিয়েছেন। বিপুলসংখ্যক মানুষের টিকা নেওয়ার বিষয়টি কুকুরের কামড়ের ঝুঁকির দিকটি তুলে ধরছে বলে সংশ্লিষ্টরা জানান।

স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল বেওয়ারিশ কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ এবং সেগুলোকে জলাতঙ্ক প্রতিরোধী টিকার আওতায় আনা। নতুন এ কর্মসূচির মাধ্যমে ঝুঁকি কমবে বলে আশা করছেন তারা।

পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, টিকাদান কার্যক্রম চলাকালে সংশ্লিষ্ট টিমকে সহযোগিতা করতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি কর্মসূচির কার্যকারিতা নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও পর্যায়ক্রমে কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর