গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল ময়মনসিংহে নির্মাণাধীন বিভাগীয় তথ্য কমপ্লেক্সের নির্মাণকাজ পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে তিনি নগরীর বিভাগীয় তথ্য কমপ্লেক্স নির্মাণস্থলে পৌঁছালে জেলা তথ্য অফিস, ময়মনসিংহের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাস, সহকারী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
পরিদর্শনকালে মহাপরিচালক নির্মাণাধীন কমপ্লেক্সের সার্বিক অগ্রগতি ঘুরে দেখেন। তিনি ভবনের নকশার সঙ্গে বাস্তবায়িত কাজের সামঞ্জস্য, নির্মাণসামগ্রীর গুণগত মান এবং ভবনের নান্দনিকতা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এ সময় নির্মাণকাজের বিভিন্ন দিক সম্পর্কে সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন তিনি এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ে কাজ শেষের নির্দেশ
মহাপরিচালক মো. আবদুল জলিল নির্মাণকাজে কোনো ধরনের ছাড় না দিয়ে গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে বিভাগীয় তথ্য কমপ্লেক্সের নির্মাণকাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
তিনি বলেন, “এই তথ্য কমপ্লেক্স ময়মনসিংহ বিভাগের তথ্যসেবার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। তাই কাজের মান ও সৌন্দর্য—দুটিই নিশ্চিত করতে হবে।”
পরিদর্শনকালে মহাপরিচালকের সফরসঙ্গী হিসেবে গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া জেলা তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং গণপূর্ত বিভাগের প্রকৌশলীরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্স নির্মাণ সম্পন্ন হলে এখান থেকে বিভাগের চার জেলার তথ্য কার্যক্রম সমন্বয় এবং আধুনিক তথ্যসেবা প্রদান করা সম্ভব হবে।
এই বাংলা/এমএস