সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর সমন্বয় সভা

খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

পার্বত্য চট্টগ্রামে অতীতে সেপ্টেম্বর মাসকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উস্কানি, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মতো ঘটনা ঘটেছে। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা করে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে খাগড়াছড়িতে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি সেনা রিজিয়নের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কেএম ওবায়দুল হক।

সভায় বক্তারা বলেন, অতীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, প্রশাসনসহ সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীগুলোর সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আসন্ন সেপ্টেম্বর মাসকে কেন্দ্র করে কোনো স্বার্থান্বেষী মহল যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের সুযোগ না পায়, সে জন্য আগাম সতর্কতা ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ, গুজব ও উসকানিমূলক প্রচারণা প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বাহিনীগুলোর মধ্যে সার্বক্ষণিক সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানোৎসব নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং খাগড়াছড়ির সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সভায় ডিজিএফআইয়ের ডেট কমান্ডার কর্নেল মাহফুজ উল বারী, খাগড়াছড়ির পুলিশ সুপার মোরতোজা আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুপ, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বিভিন্ন জোনের অধিনায়কসহ সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সম্ভাব্য যেকোনো পরিস্থিতিতে দ্রুত সমন্বিত পদক্ষেপ গ্রহণ এবং সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর