বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

নলডাঙ্গায় জমি নিয়ে বিরোধে দুই যুবককে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার, নাটোর
  • প্রকাশকালঃ বুধবার, ১২ আগস্ট, ২০২৬

নাটোরের নলডাঙ্গায় নানার বাড়ির জমির ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধের জেরে দুই যুবককে চাকু দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। আহতদের একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজন নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে নলডাঙ্গা থানাধীন মাধনগর ইউনিয়নের পশ্চিম মাধনগর কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—নাটোর সদর উপজেলার নজরপুর গ্রামের মিতু তালেবের ছেলে মো. তামিম হোসেন (২৬) এবং একই এলাকার মো. মাসুদ রানার ছেলে মোহাম্মদ জিতু (২২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নানার বাড়ির সম্পত্তি ভাগ-বাটোয়ারা নিয়ে তামিম ও জিতুর সঙ্গে তাদের আত্মীয় আসাদুল প্রাং (৪৫), তাঁর ছেলে জীবন প্রাং (২৪) ও স্ত্রী শাহিনা বেগমের (৩৯) কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আসাদুল ও তাঁর ছেলে জীবন চাকু দিয়ে তামিম ও জিতুর ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

হামলায় তামিমের গলায় চাকুর আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপরদিকে জিতুর ডান পাঁজরে আঘাত লাগায় তাঁকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নলডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর