ঝালকাঠিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন। সভায় জুলাই মাসের জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রতিবেদন উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী।
সভায় স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুলিয়া সুকায়না, সিভিল সার্জন মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মামুন আল ইসলাম, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস ব্যাপারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজসহ জেলার চার উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অবৈধ বালু উত্তোলন, মাদক, অবৈধ ইটভাটা, বাল্যবিবাহ, চুরি-ডাকাতি, হত্যাকাণ্ড, পরিবেশ সংরক্ষণ, অবৈধ স্থাপনা ও যানজটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, ঝালকাঠি জেলায় কোনো বৈধ বালুমহাল নেই। এরপরও যারা অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত, তারা যে-ই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।
পরিবেশ সংরক্ষণ ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে মাদক নিয়ন্ত্রণে পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়।
সভায় ঝালকাঠি পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ, পরিকল্পনাবিহীন ভবন নির্মাণ, ঝুঁকিপূর্ণ ভবন, পলিথিনের ব্যবহার বন্ধ, অটোরিকশার লাইসেন্স, শহরের যানজট, বাল্যবিবাহ, চুরি-ডাকাতি ও হত্যাকাণ্ড প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম ও জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন। পাশাপাশি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত ও দিকনির্দেশনা দেওয়া হয়।
এই বাংলা/এমএস