বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত ও মিথ্যা মামলার অভিযোগে গাজীপুরে সংবাদ সম্মেলন

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শনিবার, ১১ জুলাই, ২০২৬

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মহানগরের কাশিমপুরে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করা এবং মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন কাজী মাহবুবের স্ত্রী কারিনা আক্তার। তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে তাঁর স্বামীকে পৈত্রিক সম্পত্তির ন্যায্য অংশ থেকে বঞ্চিত করার পাশাপাশি মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুরে কাশিমপুর থানার ৪ নম্বর ওয়ার্ডের সারদাগঞ্জ এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কারিনা আক্তার। এ সময় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে কারিনা আক্তার বলেন, তাঁর স্বামীর বড় ভাই কাজী মাহামুদুল হাসান মাহমুদ দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে তাঁদের পরিবারকে পৈত্রিক সম্পত্তির ন্যায্য অংশ থেকে বঞ্চিত করার চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে একাধিকবার আপস-মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি বলে দাবি করেন তিনি।

তিনি অভিযোগ করেন, সম্পত্তির দাবিতে সোচ্চার হওয়ার পর থেকেই তাঁদের পরিবারকে ভয়ভীতি প্রদর্শন, মানসিক চাপ সৃষ্টি এবং সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যার ফলে তাঁর স্বামী কাজী মাহবুব বর্তমানে কারাগারে রয়েছেন বলে তিনি দাবি করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কারিনা আক্তারের ভাষ্য, পৈত্রিক সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাঁর স্বামীকে আইনি হয়রানির মুখে ফেলা হয়েছে। প্রতিপক্ষের প্রভাবের কারণে তাঁরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন এবং পরিবারটি চরম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, দায়ের করা মামলাগুলোর সত্যতা যাচাই এবং পৈত্রিক সম্পত্তিতে তাঁদের আইনগত অধিকার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এ ছাড়া তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহযোগিতা কামনা করেন।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর