অদম্য অনামিকা: শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
কুড়িগ্রাম প্রতিনিধি :
শারীরিক প্রতিবন্ধকতা, দারিদ্র্য ও নানা প্রতিকূলতা—কোনো কিছুই থামিয়ে রাখতে পারেনি কিশোরী অনামিকা রায়কে। অদম্য ইচ্ছাশক্তি ও শিক্ষার প্রতি গভীর আগ্রহ নিয়ে এবার উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশ নিয়েছে সে। প্রতিটি উত্তরপত্রের সঙ্গে জড়িয়ে আছে তার সংগ্রাম, সাহস ও আত্মবিশ্বাসের এক অনন্য গল্প।
অনামিকার স্বপ্ন, উচ্চশিক্ষা সম্পন্ন করে একজন শিক্ষক হওয়া। নিজের মতো পিছিয়ে থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চায় সে।
জানা গেছে, জন্মের পাঁচ বছর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার দুই পা হাঁটুর নিচ থেকে বেঁকে যায়। এরপর থেকেই হাঁটাচলায় তাকে নানা কষ্টের মুখোমুখি হতে হয়। পাশাপাশি কথাবার্তায়ও কিছুটা জড়তা রয়েছে। তবে শারীরিক সীমাবদ্ধতাকে কখনোই নিজের স্বপ্নের পথে বাধা হতে দেয়নি অনামিকা।
চলতি শিক্ষাবর্ষে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর কলেজের ডিজিটাল টেকনোলজি অ্যান্ড বিজনেস শাখার শিক্ষার্থী হিসেবে সে উপজেলার বোয়াইলভীর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ভেন্যু কেন্দ্র, রাবাইতাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তার রোল নম্বর ৪৯৬৭৪২।
এর আগে ২০২৪ সালে গাগলা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় অনামিকা। প্রতিকূলতার মধ্যেও তার শিক্ষাজীবন অব্যাহত রাখার এই সংগ্রাম আশপাশের মানুষসহ অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।
স্বপ্নের পথে এগিয়ে চলা অনামিকার গল্প প্রমাণ করে, দৃঢ় মনোবল, অধ্যবসায় ও আত্মবিশ্বাস থাকলে শারীরিক সীমাবদ্ধতাও সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান, নির্বাহী সম্পাদক: নাসরিন আক্তার
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।