নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় সংঘটিত চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনায় লুট হওয়া বিপুল পরিমাণ ইলেকট্রনিক্স সামগ্রীসহ একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। অভিযানে বিপুলসংখ্যক মোবাইল ফোন, ল্যাপটপ, নগদ অর্থ এবং মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন জাহাঙ্গীর হোসেন ওরফে জাহাঙ্গীর মনি (৫২), মুহাম্মদ সোহেল উদ্দিন ওরফে পার্টি সোহেল (৩৫), আবু সাঈদ (৩৪), মো. শামীম (২৪) এবং সাইফুল ইসলাম (১৯)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর জানান, প্রথমে হালিশহর এলাকা থেকে জাহাঙ্গীর মনিকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নন্দনকানন আবাসিক এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে চক্রের মূলহোতাসহ অন্য সদস্যদের গ্রেপ্তার করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অভিযানে ২৪টি আইফোন, ১৩৩টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, ৫টি ল্যাপটপ, ২০১টি মোবাইল সিম, ৪৪৫টি মোবাইল কেসিং, আইএমইআই পরিবর্তনের যন্ত্রপাতি, মাইক্রোস্কোপ, চার্জার এবং নগদ ১ লাখ ১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, চক্রটি বিভিন্ন চোর ও ছিনতাইকারীর কাছ থেকে স্বল্প মূল্যে চোরাই মোবাইল সংগ্রহ করত। পরে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে মোবাইলের আইএমইআই নম্বর ও বাহ্যিক কেসিং পরিবর্তন করে সেগুলো বাজারে বিক্রি করত। ফলে প্রকৃত মালিকদের পক্ষে মোবাইল শনাক্ত বা ট্র্যাক করা কঠিন হয়ে পড়ত।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের মধ্যে চক্রের মূলহোতা পার্টি সোহেলের বিরুদ্ধে চুরি ও ছিনতাই সংক্রান্ত আটটি মামলা এবং জাহাঙ্গীর মনির বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। এছাড়া আবু সাঈদের বিরুদ্ধে একটি হত্যা মামলার তথ্যও পাওয়া গেছে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এই বাংলা/এমএস
টপিক

