বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ডিমলা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ

ডিমলা (নীলফামারি) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নীলফামারীর ডিমলা সীমান্তে অভিযান চালিয়ে একটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ঝাড়সিংহেশ্বর সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৩টার দিকে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীন ঝাড়সিংহেশ্বর বিওপির একটি টহলদল সুবেদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে সীমান্ত এলাকায় অবস্থান নেয়। বিএসবি ও এসআইপি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ৭৯৫/৫-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝাড়সিংহেশ্বর এলাকায় নজরদারি চালাচ্ছিল টহলদলটি।

এ সময় কয়েকজন ব্যক্তিকে ভারতীয় সীমান্ত এলাকা থেকে গবাদিপশু নিয়ে বাংলাদেশের দিকে প্রবেশ করতে দেখা যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা গবাদিপশু ফেলে দ্রুত ভারতীয় সীমান্তের দিকে চলে যায়।

পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে একটি গরু জব্দ করেন। বিজিবির হিসাবে জব্দ করা গরুটির আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, জব্দ করা গরুটির বিষয়ে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কাস্টমস কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে গবাদিপশু পারাপার ও চোরাচালান বন্ধে নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর