বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বকশীগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের দানবাক্স ভাঙার অভিযোগ, যুবক আটক

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরির অভিযোগে মোসলেম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এর আগে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদে এ ঘটনা ঘটে।

আটক মোসলেম শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চকপাড়া গ্রামের মৃত আকবর আলী ও মৃত পরিমনের ছেলে।

হাসপাতালে দায়িত্বে থাকা আনসার কমান্ডার মো. আমিনুল ইসলাম জানান, স্থানীয় এক ব্যক্তি মসজিদের দানবাক্সের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি আনসার সদস্যদের জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মোসলেমকে আটক করেন।

আনসার কমান্ডার বলেন, দানবাক্সটি তালা ভাঙা অবস্থায় পাওয়া যায় এবং সেখানে কিছু পয়সা পড়ে ছিল। পরে বকশীগঞ্জ থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ তামিম বলেন, বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসার পর আনসার সদস্যরা ওই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, মসজিদের দানবাক্সের টাকা চুরির বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর