বরগুনার বেতাগী উপজেলার ১৩ নম্বর গ্রেদলক্ষীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে শিক্ষার্থীদের স্কুল ড্রেস কেনাসহ বিদ্যালয়ের বিভিন্ন খাতে অর্থ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস কেনার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এছাড়া বিভিন্ন সময়ে বিদ্যালয়ের অর্থ বিভিন্ন খাতে ব্যয়ের ক্ষেত্রেও অনিয়ম হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে অভিযোগগুলোর প্রকৃত সত্যতা যাচাইয়ে প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা ও তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিদ্যালয়ের সদ্য ঘোষিত ম্যানেজিং কমিটির সভাপতি বলেন, ‘আমাদের কমিটি সদ্য ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে আমরা অবগত নই।’
অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমানের বক্তব্য জানতে গণমাধ্যমকর্মীরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এ সময় বিভিন্ন অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হলেও তিনি কোনো উত্তর দেননি।
এদিকে স্থানীয়দের দাবি, অভিযোগগুলো সুষ্ঠুভাবে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে তারা প্রধান শিক্ষককে ওই বিদ্যালয় থেকে অন্যত্র বদলির দাবি জানিয়েছেন।
বেতাগী উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের এক সহকারী শিক্ষা কর্মকর্তা বলেন, ‘বিষয়টি স্থানীয়দের পাশাপাশি শিক্ষার্থীদের কাছ থেকেও শুনেছি। আমরা বিষয়টির কিছুটা সত্যতা পেয়েছি। নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এই বাংলা/এমএস