বিজিবির অভিযানে রামগড়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি :

 

খাগড়াছড়ির রামগড় উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় মাদক বহনকারী চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গাঁজাভর্তি বস্তা ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুন) ভোর আনুমানিক ৫টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর আওতাধীন ভূজপুর বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সীমান্ত মেইন পিলার ২২১০-এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ দূরে উত্তর আঁধার মানিক এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা হয়।

টহলরত বিজিবি সদস্যরা দেখতে পান, ভারতীয় সীমান্ত এলাকা থেকে তিন ব্যক্তি কয়েকটি বস্তা নিয়ে বাংলাদেশের দিকে প্রবেশের চেষ্টা করছে। একপর্যায়ে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা সঙ্গে থাকা তিনটি বস্তা ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি করে বস্তাগুলোর ভেতর থেকে সাতটি প্যাকেটে রাখা মোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার, মো. আহসান উল ইসলাম বলেন, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। চোরাচালানের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। সীমান্ত সুরক্ষা ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here