শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

কুড়িগ্রাম কারাগারে মায়ের সঙ্গে দেড় মাস ধরে ২ বছরের শিশু, হাইকোর্টের নজরদারি নির্দেশ

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বুধবার, ১৭ জুন, ২০২৬

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের একটি হত্যা মামলায় অভিযুক্ত মায়ের সঙ্গে তার দুই বছরের শিশুসন্তান প্রায় দেড় মাস ধরে জেলা কারাগারে অবস্থান করছে। গত ১ মে থেকে শিশুটি কুড়িগ্রাম জেলা কারাগারের নারী ওয়ার্ডে মায়ের সঙ্গে বন্দি জীবনযাপন করছে বলে নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ।

কারা সূত্র জানায়, চিলমারী উপজেলার আলোচিত শিশু আয়শা খাতুন (২) হত্যার ঘটনায় এক নারী (২৬) প্রধান আসামি হিসেবে গ্রেফতার হন। গ্রেফতারের পর তিনি তার দুই বছরের সন্তানকে নিয়ে কারাগারে রয়েছেন। মামলার তদন্ত চলাকালে ওই নারী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলেও জানা গেছে।

এদিকে কুড়িগ্রাম জেলা কারাগারে নারী বন্দিদের জন্য নির্ধারিত দুটি ওয়ার্ডে ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দি রয়েছে বলে জানা গেছে। মোট ১৮ জন ধারণক্ষমতার বিপরীতে বর্তমানে ২১ জন নারী বন্দি রয়েছে, যাদের মধ্যে বিভিন্ন মামলার আসামি রয়েছেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দি মায়ের সঙ্গে থাকা শিশুর জন্য নিয়ম অনুযায়ী খাদ্যসহায়তা প্রদান করা হচ্ছে। শিশুটির জন্য দুধ, ডিমসহ প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হচ্ছে বলেও জানানো হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার এ. জি. মাহমুদ বলেন, কারাবিধি অনুযায়ী মায়ের সঙ্গে থাকা শিশুর জন্য প্রয়োজনীয় খাদ্য ও সেবা নিশ্চিত করা হচ্ছে।

এদিকে বিষয়টি নিয়ে করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট কারাগারে থাকা মায়েদের সঙ্গে শিশুদের সংখ্যা ও তাদের সার্বিক অবস্থার বিষয়ে দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে শিশুদের নিরাপত্তা, কল্যাণ ও মানসিক বিকাশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কেন নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে।

আইনজীবীরা বলছেন, কারাবন্দি মায়ের সঙ্গে শিশু থাকার বিষয়টি আইনি কাঠামোর মধ্যেই অনুমোদিত হলেও শিশুর স্বাভাবিক মানসিক ও শারীরিক বিকাশ যেন বাধাগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা জরুরি।

এই বাংলা/এমএস

 

এই সম্পর্কিত আরো খবর