ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের টাংগাটি গ্রামে সংঘটিত শিশু হত্যাকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে তিনি ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত ও তদন্ত কার্যক্রম পর্যালোচনা করেন।
পুলিশ সুপার শিশুটির মরদেহ উদ্ধারের স্থান সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তিনি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ, ফরেনসিক নমুনা সংরক্ষণ এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ দ্রুত সংগ্রহের নির্দেশনা দেন।
পরে ধোবাউড়া থানায় তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে এক বৈঠকে মামলার অগ্রগতি, সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ এবং প্রযুক্তিনির্ভর তদন্ত কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় মামলাটিকে বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত তদন্ত সম্পন্ন করে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এরপর পুলিশ সুপার নিহত শিশুর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং গভীর সমবেদনা জানান। তিনি পরিবারকে আশ্বস্ত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পুলিশ সুপার বলেন, শিশু হত্যার মতো নৃশংস ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া ঘটনাস্থল সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তিগত তথ্য সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, টাংগাটি গ্রামের এ মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
এই বাংলা/এমএস
টপিক

