মিরসরাই প্রতিনিধি :
চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকায় সড়ক দুর্ঘটনায় কামাল উদ্দিন (৪০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ২টার দিকে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকার নিপ্পন ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল উদ্দিন মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পোলমোগরা গ্রামের মৃত মজিবুল হকের ছেলে এবং মিরসরাই থানা যুবদলের আহ্বায়ক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কামাল উদ্দিন একটি প্রাইভেটকারে করে অর্থনৈতিক অঞ্চল সড়ক দিয়ে যাওয়ার সময় একটি ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে এবং তিনি দীর্ঘ সময় গাড়ির ভেতরে আটকে ছিলেন।
পরে স্থানীয় লোকজন ও উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে গাড়ি থেকে উদ্ধার করেন। প্রথমে তাকে মিরসরাইয়ের স্থানীয় সেবা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে চট্টগ্রামের একের কেয়ার হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন জানান, গুরুতর আহত অবস্থায় কামাল উদ্দিনকে চট্টগ্রামের একের কেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষের কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। দুর্ঘটনার খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

