স্টাফ রিপোর্টার :
দিনাজপুরের খানসামা উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আমিনুল ইসলাম হৃদয় (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার ছোট ভাই জনি ইসলাম (২০) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১১ মার্চ) দুপুরে খানসামা–দারোয়ানী আঞ্চলিক মহাসড়কের ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম হৃদয় উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের সুবর্ণখুলি গ্রামের পাটোয়ারীপাড়া এলাকার রফিকুল ইসলামের বড় ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দুই ভাই মোটরসাইকেলে করে খানসামা উপজেলা সদর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে টংগুয়া ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই ভাই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আমিনুল ইসলামের অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
গুরুতর আহত জনি ইসলাম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাসেত সরকার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনায় জড়িত যানবাহন শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একই পরিবারের দুই ভাইয়ের এমন দুর্ঘটনায় একজনের মৃত্যু ও অন্যজনের গুরুতর আহত হওয়ার ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নিহতের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং আহত জনির সুস্থতা কামনা করেছেন।

