কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে একটি অবৈধ ইটভাটাকে জরিমানা করা হয়েছে এবং এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের উদ্যোগে চিলমারী উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে একটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
এ সময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের অনুমতি ছাড়া ইট প্রস্তুতের জন্য মাটি সংগ্রহ করার অপরাধে কিসামতবানু মৌজার বালাবাড়ি এলাকায় অবস্থিত মেসার্স ওয়ারেস ব্রিকস-কে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এছাড়া ভাটাটির হালনাগাদ কাগজপত্র না থাকায় স্কেভেটর দিয়ে অবকাঠামোর অংশ ভেঙে ফেলা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রীমা আক্তার।
এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম। এছাড়া কুড়িগ্রাম জেলা পুলিশ, কুড়িগ্রাম বিদ্যুৎ বিভাগ এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও অভিযানে অংশ নেন।
এই বাংলা/এমএস
টপিক

