রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় একটি কাঠবোঝাই ট্রাক উড়ে গিয়ে পাশের একটি বসতবাড়ির ওপর পড়েছে। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।
শুক্রবার রাত পৌনে ১০টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে আরেকটি ইঞ্জিন এনে ট্রেনটি উদ্ধার করা হয়। দুর্ঘটনার কারণে রাত ১২টা পর্যন্ত রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে আসা একটি কাঠবোঝাই ট্রাক রেলক্রসিংয়ে উঠে আটকে যায়। চালক চেষ্টা করেও ট্রাকটি সরাতে ব্যর্থ হন। এসময় ট্রেন আসতে দেখে চালক ও হেলপার নেমে যান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এরপর চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি আইআর শাটল ট্রেন ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার ফলে ট্রাকটি ছিটকে গিয়ে পাশের একটি বসতবাড়ির ওপর পড়ে।
কাশিয়াডাঙ্গা থানার ওসি ফরহাদ আলী জানান, ট্রাকটি দুমড়ে-মুচড়ে বাড়ির ওপর পড়ে যায়। এ সময় ঘরের ভেতরে শুয়ে থাকা তিনজন আহত হন, যাদের মধ্যে দাদি ও নাতি গুরুতর আহত। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।
এই বাংলা/এমএস
টপিক

