রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীর চারঘাট উপজেলায় বিএনপির এক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিজ দলের কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের সিপাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত এরশাদ আলী (৬৫) সিপাইপাড়া গ্রামের বাসিন্দা এবং ইউসুফপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন। তিনি রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ-এর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
অন্যদিকে, যাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে তারা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন উজ্জ্বল-এর অনুসারী বলে জানা গেছে। তিনি এবারের জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
চারঘাট থানার এসআই সিরাজুল ইসলাম জানান, শুক্রবার জুমার নামাজের পর স্থানীয়রা মসজিদে বসে একটি ইসলামী জলসা আয়োজন নিয়ে আলোচনা করছিলেন। এক পক্ষ আনোয়ার হোসেন উজ্জ্বলকে প্রধান অতিথি করার প্রস্তাব দেন, অপরপক্ষ স্থানীয় এমপি আবু সাইদ চাঁদকে প্রধান অতিথি করার পক্ষে মত দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে আলোচনা ভেস্তে যায়।
পরে রাতে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে এরশাদ আলীকে সিপাইপাড়া গ্রামের একটি চায়ের দোকানের সামনে আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারীরা লাঠি ও পেয়ারা গাছের ডাল দিয়ে মারধর করেন বলে অভিযোগ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাটি তার বাড়ির পাশেই ঘটে।
পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

