পিরোজপুরে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জেলা পুলিশের কঠোর নিরাপত্তা ও শান্তি রক্ষা কর্মপরিকল্পনা

0
177
পিরোজপুরে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপার / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :

 

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর জেলায় শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা পুলিশ। নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় জেলাজুড়ে বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই পুলিশ সুপার নির্বাচন সংশ্লিষ্ট নিরাপত্তা ব্যবস্থায় সক্রিয় ভূমিকা নেন। তার নির্দেশনায় জেলার সব ভোটকেন্দ্র ও ঝুঁকিপূর্ণ এলাকাকে বিশেষ নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে। একই সঙ্গে জেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে বসানো হয়েছে কড়া চেকপোস্ট এবং নিয়মিত টহল জোরদার করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নির্বাচন উপলক্ষে জেলা পুলিশের ‘শান্তি বজায় ও অপরাধ দমন’ পরিকল্পনা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। পুলিশ সুপার স্পষ্টভাবে জানিয়েছেন, নির্বাচনে কোনো ধরনের সহিংসতা, জাল ভোট বা পেশিশক্তির ব্যবহার বরদাস্ত করা হবে না। ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকালীন সময়ের পাশাপাশি নিয়মিত অপরাধ দমন ও মাদকবিরোধী অভিযানও সমানভাবে চলমান থাকবে। পুলিশ সুপার মাঠপর্যায়ে সরাসরি তদারকি করছেন এবং তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও গতিশীল করা হয়েছে।

পিরোজপুরের সুশীল সমাজ ও সাধারণ ভোটারদের মতে, পুলিশের নিরপেক্ষ ও সক্রিয় ভূমিকার কারণে জেলার নির্বাচন পরিবেশ আগের তুলনায় অনেক বেশি স্থিতিশীল হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এই ধারাবাহিকতা বজায় থাকলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনে পরিণত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here