রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ময়মনসিংহ সদরে জেলা পরিষদের এডিপির চেক বিতরণ

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে ২০২৫-২৬ অর্থবছরের এডিপি সাধারণ বরাদ্দের আওতায় সদর উপজেলায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এসব প্রকল্পের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন। সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, এডিপি সাধারণ বরাদ্দের আওতায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও এলাকায় রাস্তা সংস্কার, ড্রেন নির্মাণ, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক ও অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় জনগণের চাহিদা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে এসব উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়ে অবকাঠামো ও জনসেবার মানোন্নয়নে ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, জনগণের অর্থে বাস্তবায়নাধীন এসব প্রকল্পে বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এবং স্থানীয় পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর