কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম সদর উপজেলার তারামন বিবি মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ধরলার পাড় এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সদস্য ছিলেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে শহরের দিকে আসার সময় তারামন বিবি মোড়ে একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নজরুল ইসলাম প্রাণ হারান।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক কৌশলে পালিয়ে যায়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

