পুরুষপ্রধান রাজনীতির চ্যালেঞ্জে বরিশাল ও ঝালকাঠির তিন আসনে তিন নারী প্রার্থী

0
373
বরিশাল ও ঝালকাঠির তিন আসনে তিন নারী প্রার্থী / ছবি - সংগৃহীত

বরিশাল ব্যুরো :


পুরুষপ্রধান রাজনৈতিক বাস্তবতায় যেখানে নারী প্রার্থীদের টিকে থাকাই কঠিন, সেখানে বরিশাল ও ঝালকাঠির তিনটি সংসদীয় আসনে ভিন্ন তিনটি রাজনৈতিক দল থেকে তিন নারী প্রার্থীর অংশগ্রহণ নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

বরিশাল অঞ্চলের নির্বাচনী রাজনীতিতে নারীর অংশগ্রহণ এখনও সীমিত ও চ্যালেঞ্জপূর্ণ। সামাজিক বাধা, রাজনৈতিক প্রতিযোগিতা এবং দলীয় কাঠামোর ভেতরের নানা চাপ অতিক্রম করেই এবারের নির্বাচনে বরিশাল ও ঝালকাঠির তিনটি আসনে তিন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই অংশগ্রহণ কেবল ভোটের লড়াই নয়; বরং রাজনীতিতে নারীর দৃশ্যমানতা ও নেতৃত্ব প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

ভিন্ন ভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে প্রতিদ্বন্দ্বিতা করা এই তিন নারী হলেন— বরিশাল–৫ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী, ঝালকাঠি–১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রার্থী ডা. মাহমুদা আলম মিতু, এবং ঝালকাঠি–২ আসনে বিএনপির প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বরিশাল সদর ও সিটি করপোরেশন নিয়ে গঠিত বরিশাল–৫ আসনে বাসদের প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী দীর্ঘদিন ধরে শ্রমজীবী মানুষ, রিকশা ও অটোচালকদের অধিকার আদায়ের আন্দোলনের সঙ্গে যুক্ত। এমবিবিএস চিকিৎসক হিসেবে সাধারণ মানুষের কাছে তিনি ‘গরিবের ডাক্তার’ নামে পরিচিত। তার হলফনামা অনুযায়ী মোট সম্পদের পরিমাণ প্রায় ৩১ লাখ টাকা। তার বিরুদ্ধে থাকা দুটি মামলার একটিতে তিনি অব্যাহতি পেয়েছেন, অপরটি বর্তমানে স্থগিত রয়েছে।

রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি–১ আসনে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনসিপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. মাহমুদা আলম মিতু। তার হলফনামা অনুযায়ী নিজ নামে মোট সম্পদের পরিমাণ প্রায় ৭৪ লাখ টাকা, আর তার স্বামীর সম্পদ প্রায় ৫৩ লাখ টাকা। তরুণ ভোটারদের কাছে তিনি পরিবর্তন, নতুন রাজনীতি ও সম্ভাবনার প্রতীক হিসেবে পরিচিত হয়ে উঠছেন।

ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি–২ আসনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। তিনি সাবেক এমপি জুলফিকার আলী ভুট্টোর সহধর্মিণী। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি এবং পেশায় ব্যবসায়ী ইলেন ভুট্টোর হলফনামা অনুযায়ী মোট সম্পদের পরিমাণ প্রায় ১ কোটি ৬৯ লাখ টাকা। এলাকায় রাজনৈতিক পরিচিতি থাকলেও দলীয় ঐক্য সুসংহত করাই তার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ব্যক্তিগত যোগ্যতা, সামাজিক গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা থাকা সত্ত্বেও এই তিন নারী প্রার্থীকে মোকাবিলা করতে হচ্ছে শক্ত প্রতিদ্বন্দ্বী ও পুরুষপ্রধান রাজনৈতিক কাঠামোর বাস্তবতা। তবুও তাদের অংশগ্রহণ বরিশাল বিভাগের নির্বাচনী রাজনীতিতে নারীর অংশগ্রহণকে আরও দৃশ্যমান ও শক্তিশালী করছে।

তারা শুধু ভোটের দাবিদার নন; বরং তারা বহন করছেন একটি স্পষ্ট বার্তা— রাজনীতির মাঠে নারীর স্থান আছে, এবং সেই স্থান দখল করতে নারীরা প্রস্তুত।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here