মানিকগঞ্জের দৌলতপুরে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফে আল মুঈজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঈনুল ইসলাম, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপ্ন কুমার, দৌলতপুর সরকারি মতিলাল ডিগ্রি কলেজের প্রভাষক আমিরুল ইসলাম এবং মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য মো. লোকমান হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর ফিরোজ।
সেমিনারে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও অনবদ্য সৃষ্টিকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, নজরুলের সাহিত্য ও চিন্তাধারায় অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও মানবতার বার্তা প্রতিফলিত হয়েছে। তাঁর সাহিত্যকর্ম ও আদর্শ নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সেমিনারে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এই বাংলা/এমএস